জুলাই-আগস্টের আন্দোলনে আহত-নিহতদের কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২২ অক্টোবর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ দুই সপ্তাহের রুল জারি করেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী জানান, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের তালিকা করছে সরকার। নিহত-আহতের ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। তবে অনেক আহত-নিহত ক্ষতিপূরণ পাচ্ছে না। এমনকি ক্ষতিপূরণ কীভাবে পাওয়া যাবে সেটিও তারা জানেন না। সবার ক্ষতিপূরণ নিশ্চিত করতেই এ রিটটি করেন তারা।
এর আগে আহত-নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে একাধিক রিট হয় উচ্চ আদালতে। গত ২৪ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে আহতদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি কেন দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
এ ছাড়া একাত্তরের মুক্তিযোদ্ধারা যেসব সুবিধা পান, ২৪-এর গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদেরও কেন একই সুবিধা দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
পাশাপাশি নিহতদের পরিবারকে কেন পুনর্বাসনের নির্দেশ দেওয়া হবে না, রুলে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমূর আলম খোন্দকার এ রিট করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার দায়ে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে দুই সেনা কর্মকর্তা
গুমের মামলায় ১০ সেনা কর্মকর্তাকে আনা হলো ট্রাইব্যুনালে