দায়িত্ব পালনে আর কোনও রাজনৈতিক প্রভাব চান না উল্লেখ করে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের দাবি জানিয়েছেন বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ দাবি তোলা হয়।
পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল আসাদ বলেন, পুলিশকে অতীতে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে, যা বাহিনীর নিরপেক্ষতা নষ্ট করেছে। তিনি জানান, একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।
এছাড়াও, বৈঠকে পুলিশ কনস্টেবল সামিয়া স্বর্ণা পুলিশ সদস্যদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ ক্ষতিপূরণ ভাতার দাবি তোলেন। প্রধান উপদেষ্টা এসব দাবির বিষয়ে শিগগিরই সমাধানে বসার আশ্বাস দেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, পুলিশ সপ্তাহের উদ্দেশ্য হলো মাঠপর্যায়ের সঙ্গে নীতিনির্ধারকদের সংযোগ স্থাপন ও বাহিনীকে আধুনিকীকরণ করা। তিনি জানান, নির্বাচনকালীন সময়কে কেন্দ্র করে পাঁচটি বড় চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে—অপপ্রচার, পরাজিত শক্তির উসকানি, অবৈধ অস্ত্রের ঝুঁকি, আন্তঃদলীয় সহিংসতা ও সীমান্তে অস্থিতিশীলতা।
সভা শেষে কর্মশালায় পুলিশের ফ্রন্টলাইন সদস্যদের নির্বাচনের আগে গুজব মোকাবিলা এবং সঠিক তথ্য প্রচারের নির্দেশনা দেওয়া হয়।
আইজিপি আরও জানান, পুলিশ মানবাধিকার ও ন্যায়বিচারে বিশ্বাসী এবং একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মানবিক বাহিনী গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ
জাপান–বাংলাদেশ সহযোগিতায় কার্বন বাজার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে
রংপুরে ঘর থেকে স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার