চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

মোহনা অনলাইন

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদফতর। আজ বুধবার (৯ জুলাই) সকালে দেওয়া সতর্কবার্তায় জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় থাকা লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বিরাজ করছে। এর ফলে দমকা বা ঝড়ো হাওয়া বইছে উপকূলীয় এলাকায়।

এর কারণে সমুদ্রবন্দরের জন্য গতকাল মঙ্গলবার থেকে জারি করা সতর্কতা আজও বহাল রাখা হয়েছে। একইসঙ্গে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ নম্বর নদীবন্দর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (৮৮-১৮৮ মিমি) বর্ষণ হতে পারে। এতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনার কিছু অংশে অস্থায়ী জলাবদ্ধতার শঙ্কা রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।

Exit mobile version