অগ্নিকাণ্ডে ফ্লাইট বিপর্যয়: অতিরিক্ত বিশেষ ফ্লাইটের চার্জ মওকুফ

মোহনা অনলাইন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে ফ্লাইট বিপর্যয়ের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে বিভিন্ন বিমান সংস্থা। এই এয়ারলাইনসগুলোর এসব ফ্লাইটে আরোপিত চার্জ মওকুফের নির্দেশ দিয়েছে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আজ সোমবার মন্ত্রণালয় ১৯ থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পরিচালিত বিশেষ ফ্লাইটগুলোর চার্জ মওকুফে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে।

এতে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভবনে আগুনের ঘটনায় ফ্লাইট শিডিউল বিপর্যয় ঘটে। এই অবস্থায় বিমান সংস্থাগুলো কিছু অতিরিক্ত বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করে। এমতাবস্থায়, ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর রাত ১২টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্স কর্তৃক পরিচালিত অতিরিক্ত বিশেষ ফ্লাইটসমূহের আরোপযোগ্য চার্জসমূহ মওকুফের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে শনিবার দুপুর সোয়া ২টায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। একই সঙ্গে ঘটনাস্থলে ছিলেন নৌ-বাহিনী, বিমানবাহিনী, সিভিল অ্যাভিয়েশন, দুই প্লাটুন বিজিবিসহ পুলিশ ও আনসারের সদস্যরা। সন্ধ্যা নাগাদ আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। যেখানে আমদানি করা পণ্য রাখা হয়, সেখানকার প্রায় সব মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা যায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version